‎দীর্ঘ প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক ভোটারদের জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশিকায় ভোটদান প্রক্রিয়া, করণীয় ও বর্জনীয় বিষয়াবলী এবং সাধারণ সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছে।

ভোট দেওয়ার নিয়মাবলী:

নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক ভোটারকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত পরিচয়পত্র (Student ID Card) সঙ্গে আনতে হবে। পরিচয়পত্র ছাড়া কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এছাড়া, এক কক্ষের ভোটার অন্য কক্ষে অথবা একই কক্ষের এক টেবিলের ভোটার অন্য টেবিলে ভোট দিতে পারবে না। ভোটদানের পরে ভোটারের বাম হাতের তর্জনী (দ্বিতীয় আঙুল)-এ অমোচনীয় কালি দেওয়া হবে।

‎ভোটারের করণীয়:

‎শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে।

‎আইন-শৃঙ্খলা রক্ষা কমিটি ও নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে।

‎পছন্দের প্রার্থীর নামের পার্শ্বে চারকোনা বক্সে সরবরাহকৃত সাইনপেন দিয়ে ক্রস (×) চিহ্ন দিয়ে ভোট দিতে হবে।

‎ভোটারের বর্জনীয়:

‎ভোটদান শেষে ভোটকেন্দ্রের ৫০ মিটারের মধ্যে অবস্থান করা যাবে না।

ভোটকেন্দ্রে প্রচার-প্রচারণা করা যাবে না।

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা বা ভীতি প্রদর্শন করা যাবে না।

‎ভোটকেন্দ্রে মোবাইল, ক্যামেরা ও অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।

‎সচেতনতা বার্তা:

‎নির্বাচন কমিশন মনে করিয়ে দিয়েছে যে, ভোট প্রদান আপনার অধিকার এবং দায়িত্বশীলতার সঙ্গে ভোট দিয়ে রাকসু নির্বাচনে সুস্থ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করতে সকল ভোটারকে আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে, মিথ্যা ও প্রার্থীর প্রতি সংবেদনশীল বক্তব্য পরিহার, সময়মতো ও দায়িত্বশীলভাবে ভোট প্রদান, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং অন্যের ভোটের গোপনীয়তা ভঙ্গ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

‎বিশেষ সতর্কতা:

‎বিশেষ সতর্কতায় বলা হয়েছে, কেউ আইন-শৃঙ্খলার বিঘ্ন করলে বা বিশ্ববিদ্যালয়ের আইন/জাতীয়/বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার, রাকসু, হল সংসদ ও সিনেট-এর ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর পক্ষে অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম এই নির্দেশিকা প্রকাশ করেন। উল্লেখ্য, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছে।