তাসকিন ইমরান খান,
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
সাউথইস্ট ইউনিভার্সিটি গতকাল ২৩শে অক্টোবর ফল-২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাতে এক নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে ।এটি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় ।শিক্ষার্থীদেরকে তাঁদের নতুন শিক্ষাজীবনে দিকনির্দেশনা ও শুভেচ্ছা জানানোর লক্ষ্যে এসইইউ-এর একাডেমিক স্কুলগুলো দুটি ভিন্ন সেশনের আয়োজন করে ।
প্রথম সেশনে আর্কিটেকচার, ইইই, সিএসই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং বাংলা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া ।একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় সেশনে বিবিএ ও এমবিএ প্রোগ্রামের পাশাপাশি অর্থনীতি এবং ইংরেজি বিভাগের নতুন শিক্ষার্থীরা যোগ দেন ।এই সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান খান ।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদেরকে নিজ নিজ বিভাগ বা অবস্থানের সাথে মানিয়ে নিয়ে সর্বোচ্চটা অর্জনের জন্য সচেষ্ট হওয়ার আহ্বান জানান ।তাঁরা জীবনের কোনো স্তরে থেমে না গিয়ে সবসময় নিজেদেরকে প্রস্তুত থাকার পরামর্শ দেন যেন কোনো সুযোগ আসলে তা মিস হয়ে না যায় ।
সকল সেশনেই সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন এবং রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.)ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ।
এছাড়াও সংশ্লিষ্ট ডিন ও বিভাগীয় প্রধানগণ শিক্ষার্থীদের স্বাগত জানান ।
এই অনুষ্ঠানগুলোর মূল লক্ষ্য ছিল নতুন শিক্ষার্থীদেরকে সাউথইস্ট ইউনিভার্সিটির একাডেমিক পরিবেশ ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দেওয়া, যা তাঁদেরকে প্রাণবন্ত ও সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার এক শুভ সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ।