মাদারীপুরে যৌতুকের দাবিতে দীপ্তি মণ্ডল (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় শহরের আমিরাবাদ এলাকার বাদামতলা মণ্ডল বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত দীপ্তি মণ্ডল শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর হিন্দুকান্দি গ্রামের প্রদীপ মণ্ডলের মেয়ে। তিনি মাদারীপুর পৌর এলাকার বাদামতলার তাপস মণ্ডলের স্ত্রী।


স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই দীপ্তির স্বামী তাপস মণ্ডল ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। শনিবার বিকেলে পারিবারিক কলহের জেরে তাপস ও তার পরিবারের সদস্যরা দীপ্তিকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।


খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।


মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। স্বামী তাপস মণ্ডল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


নিহত দীপ্তি মণ্ডলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মাদারীপুর শিবচর প্রতিনিধি।

সাগর কর্মকার।