আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার ৪ নভেম্বর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এর আগে সোমবার ৩ নভেম্বর বিএনপি দেশের ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকা অনুযায়ী ফেনী ১, দিনাজপুর ৩ এবং বগুড়া ৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বেগম খালেদা জিয়া।
বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার এক দিন পরই এনসিপি জানায়, তারা খালেদা জিয়ার নির্বাচনী আসনগুলোতে প্রার্থী দেবে না। যদিও এর আগে দলটি ঘোষণা দিয়েছিল যে, তারা দেশের ৩০০টি আসনেই প্রার্থী দেবে।
বিশ্লেষকদের মতে, এনসিপির এই সিদ্ধান্ত রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে এবং আসন্ন নির্বাচনে বিএনপির প্রতি সমর্থনের ইঙ্গিত বহন করতে পারে।