চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পক্ষে নারীদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে সন্দ্বীপের কৌশিক আহমেদ প্যালেস মাঠে নারী সমাজের উদ্যোগে এই প্রথম এমন মহাসমাবেশের আয়োজন করা হয়।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নারী সমাবেশে যোগ দিতে আসেন। আয়োজকরা জানান, সাধারণত সন্দ্বীপের নারীরা ঘরের বাইরে বড় কোনো রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেন না। কিন্তু মিল্টনকে এমপি হিসেবে দেখার আকাঙ্ক্ষায় তারা আজ স্বতঃস্ফূর্তভাবে মাঠে উপস্থিত হয়েছেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা মহিলা দলের সভাপতি কুসছুমা বেগম খেলনা বলেন,চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে যদি হাইকমান্ড মিল্টন ভাইকে মনোনয়ন দেয়, আমি কথা দিলাম—এই আসন ধানের শীষকে উপহার দেব। মিল্টন ভাইকে মনোনয়ন দিলে নারীদের ভোট বিপ্লব হবে। নারীরা আর ঘরে বসে থাকবে না, ধানের শীষকে বিজয়ী করতে মাঠে কাজ করবে।
দলীয় হাইকমান্ডকে অনুরোধ করবো কোন ভুল সিদ্ধান্ত যাতে চট্টগ্রাম-০৩ সন্দ্বীপ আসনে না নেওয়া হয়।
তিনি আরও বলেন, সন্দ্বীপে অর্ধেক ভোটার নারী। নারীদের ভোট ছাড়া কেউ এখানে এমপি হতে পারবে না। আজকের এই নারীদের জনস্রোত প্রমাণ করছে, মিল্টন ভাই এই আসনের যোগ্য নেতা। নারীরা ঘর থেকে বেরিয়ে এসে তাঁর প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছে।”
বক্তারা বলেন, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন দীর্ঘদিন ধরে সন্দ্বীপের নারীদের পাশে রয়েছেন। বিশেষ করে নারী শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা প্রশংসনীয়।
নারী সমাজ দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানায়, দ্রুত যেন চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমাবেশ সন্দ্বীপে নারীদের রাজনৈতিক সম্পৃক্ততার নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি