হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গুরুত্বপূর্ণ অনেক সড়কগুলোই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাকা সড়কের বেশিরভাগ অংশেই উঠে গেছে কার্পেটিং, কোথাও কোথাও তৈরি হয়েছে ছোট-বড় গর্ত, আর বাকি অংশে জমে থাকে ধুলার পাহাড়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারীরা।
সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখন সড়কটি যেন অবহেলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
রাস্তার একপাশে ধুলোবালি ও খানাখন্দের জন্য গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। এমন একটি জনবহুল এলাকায় নেই কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা।
এই সড়ক দিয়েই প্রতিদিন অসংখ্য মানুষ কর্মস্থলে ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করে। তবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
স্থানীয় বাসিন্দারা জানান, “বর্ষায় রাস্তায় পানি জমে যায়, আবার শুষ্ক মৌসুমে ধুলায় ঢেকে যায় চারদিক। এমন অবস্থায় চলাচল করা খুব কষ্টকর।”
অটোরিকশা ও সিএনজি চালকরা জানান, সড়কের কারণে যানবাহনে বাড়ছে যান্ত্রিক সমস্যা, কমে যাচ্ছে যাত্রী পরিবহন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে রাস্তাটি সংস্কার করে রোগী ও জনগণের ভোগান্তি দূর করার আহ্বান জানিয়েছেন।
শাহরিয়ার খান নাফিজ
বানিয়াচং (হবিগঞ্জ)