মাগুরা সদর উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামে চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ নভেম্বর) এই ঘটনা ঘটে।

আহতের নাম রিমা খাতুন (২৮)। তার স্বামী সৌদি প্রবাসী মো. আরিফ হোসেন।


রিমা জানান, স্থানীয় রফিকুল ইসলাম, ফারুক শিকদার ও মিঠুন শিকদার তাকে দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দিতে চাপ দিয়ে আসছিল। চাঁদা দিতে না পারায় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়। এতে তার ডান হাতের মধ্যমা আঙুল কেটে পড়ে যায় এবং বাঁ হাতের কবজি গুরুতর জখম হয়। স্থানীয়দের সহায়তায় তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।


(মাগুরা জেলা প্রতিনিধি)