মাগুরার  শ্রীপুরে  কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করে রাখা ৯৪  বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক সাব ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শ্রীপুর  উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের সাব ডিলার মইনুল হোসেন  তার বাড়িতে   অবৈধভাবে  সার মজুত করেছেন। এমন তথ্য পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদের  নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাব ডিলারের বাড়ি  থেকে ৭৯ বস্তা ডিএপি ও ১৫  বস্তা এমওপি (পটাশ) সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সাব ডিলার  মইনুল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি জব্দ করা সার সরকারি বিধি মোতাবেক নিলাম করার নির্দেশ দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন কৃষিবিদ মো.হুমায়ুন কবিরসহ শ্রীপুর থানা পুলিশের একটি দল।

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সালেক মূহিদ বলেন, অবৈধভাবে সার মজুতকারী কিংবা নকল সার বিক্রেতাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার কমলাপুর গ্রামে একটি  বাড়িতে  অভিযান পরিচালনা করে আমরা সারের অবৈধ মজুত পেয়েছি এবং মজুদকারী সাব ডিলার  মইনুল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা  হয়েছে।আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।