মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনার পর বাড়ি ফেরার পথে গ্রেফতার সাবেক যুবলীগ সভাপতি ও মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি।
সোমবার দুপুরে তিনি জেলা রিটার্নিং অফিসার মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে সেখান থেকে বেরিয়ে শ্রীপুরের গ্রামের বাড়ি যাওয়ার পথে টেঙ্গাখালি গ্রাম থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, তিনি সাবেক এমপি সাকিব আল হাসানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ৫ আগস্ট মাগুরায় ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন।
এর আগে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। নির্বাচনকালে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে নির্বাচনের রিটার্নিং অফিসার মাগুরা জেলা প্রশাসকের কাছে সেই আবেদন করেছি।
মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটির গ্রেফতারের বিষয়ে মাগুরা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, সদর থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি সংসদ সদস্য প্রার্থী কিনা সেটি আমাদের জানা নেই।