মাগুরা মেডিকেল কলেজে ভারতীয় আগ্রাসন বিরোধী শহীদদের স্মরণে দুটি ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে। মাগুরা মেডিকেল কলেজটির ছাত্রাবাস-২-এর নামকরণ করা হয়েছে শহীদ শরীফ ওসমান হাদি ছাত্রাবাস এবং ছাত্রাবাস-১-এর নামকরণ করা হয়েছে শহীদ আবরার ফাহাদ ছাত্রাবাস হিসেবে।

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের প্রতীক, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নাম ইতিহাস থেকে মুছে ফেলার কোনো প্রচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দেশপ্রেমিক ছাত্র-জনতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক বার্তায় কলেজটির চতুর্থ ব্যাজের শিক্ষার্থী জাহিদ হাসান লিখেছেন, “ইতিহাস থেকে যতবার মুছবেন, আমরা ততবার লিখবো ইনশাআল্লাহ।”

শহীদ শরীফ ওসমান হাদি গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন। এর আগে ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং লাখো মানুষ তার জানাজায় অংশ নেন।

অন্যদিকে, ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে ভারতীয় আগ্রাসনবিরোধী ফেসবুক পোস্টের জেরে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। দুই শহীদই আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং তাদের আত্মত্যাগ দেশের তরুণ প্রজন্মকে আজও অনুপ্রাণিত করছে।

সংবাদসূত্রে জানা যায়, এরই মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শহীদ হাদি ও আবরার ফাহাদের নামে ভবন, হল ও স্থাপনার নামকরণ করা হয়েছে। ছাত্রসমাজের একাংশ জানিয়েছে, এসব নাম মুছে ফেলার কোনো চেষ্টা হলে তারা আরও দৃঢ় প্রতিবাদ গড়ে তুলবেন।