ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-১ ও মাগুরা-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ এ তথ্য জানান।

মাগুরা-১ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই শেষে স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া (কুটি) এবং গণফোরামের প্রার্থী মিজানুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়।

অন্যদিকে মাগুরা-২ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান ও স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্রে ভোটারদের স্বাক্ষরে অনিয়ম পাওয়া গেছে। একজন মৃত ভোটারের স্বাক্ষর পাওয়া যায় এবং বেশ কয়েকজন ভোটার স্বাক্ষর করার কথা অস্বীকার করেন। এছাড়া শিক্ষাগত যোগ্যতায় অসঙ্গতি থাকাও মনোনয়ন বাতিলের কারণ।

এ সময় উপস্থিত প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি জানানো হয় এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করা হয়।