ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

মঙ্গলবার ভোররাতে মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের তার বসতবাড়ির বারান্দায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দ হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় ডা. মিজানুর রহমান বাড়িতে না থাকলেও পরিবারের সদস্যরা ভয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।

খবর পেয়ে হাজিপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। পরে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ডা. মিজানুর রহমান মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ডা. মিজানুর রহমান জানান, তাকে ভয়ভীতি দেখানো ও নির্বাচন কার্যক্রম ব্যাহত করতেই এ হামলা হতে পারে। এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।