মাগুরা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মাগুরা-১ নির্বাচনি এলাকার ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।
জানা যায়, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশে ওই দিন বিকেলে ভোটকেন্দ্রটিতে দুটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়। উদ্দেশ্য ছিল নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদভাবে নজরদারিতে রাখা। তবে স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তরা একটি ক্যামেরা ভেঙে ফেলে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি লাঠি দিয়ে আঘাত করে ক্যামেরাটি ভাঙচুর করে। পরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাঙচুর হওয়া ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি সরাসরি লাঠি দিয়ে আঘাত করছে। তবে আলো কম থাকায় তার মুখ স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। ঘটনার পর ওই এলাকার সব ভোটকেন্দ্রে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ভোটকেন্দ্রের সামনে খেলার মাঠ ও পাশে নিরিবিলি সড়ক থাকায় ঝুঁকি বিবেচনায় সেখানে ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু রাতের মধ্যেই একটি ক্যামেরা ভেঙে ফেলা হয়। সকালে নাইটগার্ড ভাঙা ক্যামেরাটি দেখতে পান। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ছয়জন যুবককে সন্দেহ করা হচ্ছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রধান শিক্ষককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সচেতন মহলের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।