শেরপুর শহরে একটি ভাঙারি দোকান থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১ মার্চ) সন্ধ্যায় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শহরের নওহাটা এলাকায় মেসার্স রোকেয়া আয়রন স্টোরে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন শ্রেণির প্রায় ৮ হাজার নতুন সরকারি বই উদ্ধার করা হয়।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে দোকানটি সিলগালা করে দেওয়া হয়। জব্দ করা বইগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নওহাটা এলাকার আব্দুর রহিম অপুর মালিকানাধীন রোকেয়া আয়রন স্টোরে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন বই অবৈধভাবে কেনাবেচা হতো। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গণমাধ্যমকর্মী ও গোয়েন্দা সংস্থাকে জানান। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় এক ভ্যানগাড়ি ভর্তি ২০২৫ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন বই জব্দ করা হয়। পরে দোকানের গোডাউনে আরও বইয়ের সন্ধান মেলে। অভিযানের সময় দোকানের মালিক ও কর্মচারীরা সটকে পড়েন।
দোকানের ভ্যানচালক তজি মিয়া বলেন, তিনি গোডাউনের ভ্যান চালান। মালিকের নির্দেশে বই আনা হয়েছিল। বইগুলো সরকারি কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
স্থানীয় বাসিন্দা সিদ্দিক আহমেদ বলেন, গত বছর বই সংকটের কারণে শিক্ষার্থীদের একেকজনকে তিন থেকে চারটি করে বই দেওয়া হয়েছিল। অথচ নতুন বই লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সদর থানার এসআই সুশান্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যানগাড়িসহ নতুন বই জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ইউএনও গোডাউন সিলগালা করেছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক জানান, জব্দ করা বইগুলো সদর উপজেলার কোনো মাদ্রাসার হতে পারে। বিষয়টি তদন্তে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এ এম আব্দুল ওয়াদুদ / শেরপুর প্রতিনিধি)