টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু (এমপি)।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল, মাভাবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিল প্রশংসনীয় উদ্যোগ। এজন্য তিনি আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-কে। তিনি বলেন, ভাসানী ছিলেন এ দেশের নিপীড়িত মানুষের নেতা, যার নেতৃত্বে এ দেশের রাজনৈতিক চেতনা ও আন্দোলনের শক্ত ভিত গড়ে উঠেছিল।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ভাসানীর আদর্শকে ধারণ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-সহ অনেক নেতা ভাসানীর মাজার প্রাঙ্গণে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের যাতায়াত ও আবাসন সংকটের বিষয় উল্লেখ করে তিনি জানান, শিক্ষার্থীদের জন্য দুটি বাসের ব্যবস্থা এবং শতভাগ আবাসন নিশ্চিত করতে নতুন আবাসিক হল নির্মাণের বিষয়ে তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে শিগগিরই আলোচনা করবেন।
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে। তিনি বলেন, অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে চারটি আবাসিক হল, দুটি বাস এবং একটি অডিটোরিয়াম নির্মাণের দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই ছাত্রদল দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে যাবে।
ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে দেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করা হয়। দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনারুল আজিম আখন্দ, প্রক্টর ড. মো. ইমাম হোসেন, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. মো. ফজলুল করিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রদলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
এছাড়া টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা জানান, গত বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সুশৃঙ্খলভাবে কর্মসূচিটি সম্পন্ন হয়েছে।
------------
(মো:জিসান রহমান,মাভাবিপ্রবি প্রতিনিধি)