ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী এম আকবর আলীর করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন এর একক বেঞ্চ এ আদেশ দেন। নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে রফিকুল ইসলাম খান বিজয়ী হন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭১৮ ভোট। জানা গেছে, নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ২০টির বেশি আসনের প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের প্রাথমিক শুনানি গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন।
--------------------
(মেহেদী হাসান রিফাত / সিরাজগঞ্জ প্রতিনিধি)