সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, আসন্ন বাংলা নববর্ষ থেকে ‘মঙ্গল শোভাযাত্রা’ বা ‘আনন্দ শোভাযাত্রা’ নামে কোনো আয়োজন থাকবে না। এখন থেকে এই আয়োজনের নতুন নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ এবং ভবিষ্যতেও এই নামই ব্যবহার করা হবে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, এখন থেকে নববর্ষের সব আয়োজন—যেমন মেলা ও শোভাযাত্রা—‘বৈশাখী’ নামেই পরিচিত হবে।

ইউনেস্কো স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইউনেস্কো স্বীকৃতি দিলেই যে সেটি রাখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনুর জামানসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে স্থানীয় এলাকার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।