পঞ্চগড়ে নতুন ঘোষিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটিকে অবাঞ্চিত ঘোষনা -নতুন আহবায়ক কমিটি গঠনের উদ্যোগ ।
পঞ্চগড়ে ঘোষিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটিকে প্রত্যাখ্যান করেছেন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব অবহিতকরণ ছাড়াই গোপনে একটি কমিটি ঘোষণা করা হয়েছে, যা তারা ‘পকেট কমিটি’ হিসেবে আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পঞ্চগড় ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলার পাঁচ উপজেলার শিক্ষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় জেলা আহ্বায়ক নাসের বাবুলের সভাপতিত্বে বিভিন্ন উপজেলার শিক্ষক নেতারা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও পঞ্চগড় সদর উপজেলার শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ আরও অনেকে।
বক্তারা জানান, গত ৩১ মার্চ শিক্ষক আসাদুল্লাহ আজাদ ও কেরামত আলী শিক্ষকদের অজ্ঞাতে একটি কমিটি গঠন করেন, যা তারা গ্রহণযোগ্য মনে করছেন না। এ কারণে ওই কমিটিকে বাতিল ঘোষণা করে নাসের বাবুলকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত অনেকেই বলেন, ঘোষিত কমিটিতে তাদের নাম থাকলেও এ বিষয়ে আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বা সম্মতি নেওয়া হয়নি। ফলে তারা ওই কমিটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
এছাড়া, বিতর্কিত কমিটি থেকে সরে এসে নতুন আহ্বায়ক কমিটির অধীনে গঠনতন্ত্র মেনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের বিষয়ে সবাই একমত হন। শিক্ষক নেতা নাসের বাবুলের নেতৃত্বে জেলা পর্যায়ে নতুন কমিটি গঠনের প্রস্তাবও গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে নাসের বাবুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করে একটি কমিটির তালিকা দেখে জেলার শিক্ষক নেতারা বিস্মিত হয়েছেন। তাদের না জানিয়ে এভাবে কমিটি ঘোষণা করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সভায় দ্রুত সময়ের মধ্যে সকল শিক্ষকের অংশগ্রহণ নিশ্চিত করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
-------------------------
(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি)