পঞ্চগড়ে প্রয়াত তিনজন পরিবহন চালকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায় পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং রাজ-২৬৪) এর অন্তর্ভুক্ত চালক শাখা কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চালক শাখার উপদেষ্টা মোহাম্মদ সোয়েব আলী সবুজ, আব্দুল কাদের মাসুম ও শরিফুল ইসলাম পারভেজ বক্তব্য দেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ দুলাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জানান, সংগঠনটি প্রতি বছরই মৃত চালকদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর তিনজন মৃত চালকের পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে সহায়তা তুলে দেওয়া হয়।
সহায়তা পাওয়া পরিবারগুলো হলো—মৃত হযরত আলী, মৃত হাবিবুর রহমান এবং মৃত তালেব মেম্বারের পরিবার। প্রতিটি পরিবারের সদস্যদের হাতে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা

------------------------
(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি)