মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুরে একটি ফিলিং স্টেশনে তেল বিক্রিতে অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। ভুক্তভোগী আব্দুর রশিদ মোল্লা, তিনি দৈনিক আলোকিত সকাল পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এবং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মাজেদা ফিলিং স্টেশনে গিয়ে তিনি তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়া, কম তেল দেওয়া এবং অনিয়মের বিভিন্ন অভিযোগ পাওয়া যায়।
অভিযোগ অনুযায়ী, ১ হাজার টাকার তেলের জন্য ১১০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। একইভাবে ৪০০ টাকার তেলের জন্য নেওয়া হচ্ছে ৫০০ টাকা। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।
এ সময় সাংবাদিক আব্দুর রশিদ এসব অনিয়মের ভিডিও ধারণ করতে গেলে এক পুলিশ সদস্য তার ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলার চেষ্টাও করা হয়।
ভুক্তভোগীর দাবি, পরে আরও কয়েকজনকে ডেকে এনে তাকে মারধর করা হয় এবং এলাকা থেকে বের করে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীপুর থানার একজন কর্মকর্তা জানান, ঘটনাটি দুঃখজনক। অভিযুক্ত পুলিশ সদস্যকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।