পঞ্চগড়ের বোদা উপজেলায় চতুর্থ শ্রেনির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয় চলাকালীন সময়েই ওই শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় জনতা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক হবিবর রহমানকে ঘেরাও করে ৬-৭ ঘণ্টা আটকে রাখে। এসময় তারা জানান "এর আগেও অভিযুক্ত শিক্ষক হবিবর রহমান এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিলেন, সে যাত্রায় সে ক্ষমা চেয়ে পার পেয়ে যান, তবে এবার আর কোনক্রমেই তাকে ছাড় দেয়া হবো না।" পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত দেখা যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তাকে উদ্ধার করে বোদা থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। শিক্ষার্থীর অভিভাবক প্রশাসনের কাছে দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে বদলির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
ঘটনাটি এলাকায় গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুতকঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল

-------------------
(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি