পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত আনু বেগমের ঘর নির্মাণে নগদ অর্থ সহায়তা দিয়েছেন পঞ্চগড় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হায়াতুন আলম।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পঞ্চগড় শহরের মসজিদপাড়া মহল্লায় ক্ষতিগ্রস্ত আনু বেগমের বাড়িতে গিয়ে তিনি এ আর্থিক সহায়তা তুলে দেন। এসময় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরানসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত আনু বেগম বলেন, “আমি অসহায় মানুষ। ঝড়ে আমার ঘর ভেঙে যাওয়ার পর থাকার কোনো জায়গা ছিল না। প্রতিবেশী রনি নামে এক যুবক আমাকে সহযোগিতা করেন। পরে হায়াতুন ভাই আমার কথা শুনে আমাকে দেখতে আসেন। তিনি খাদ্যসামগ্রী দিয়েছেন, এখন ঘর তোলার জন্য টাকাও দিলেন। আমি খুব খুশি। এই সহায়তায় আবার ঘর তুলতে পারবো।”
হায়াতুন আলম বলেন, “কালবৈশাখী ঝড়ে মসজিদপাড়া মহল্লায় আনু বেগমের ঘরটি সম্পূর্ণ উড়ে যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং বিষয়টি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরকে অবগত করি। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত টিনের ব্যবস্থা করা হয়।”
তিনি আরও বলেন, “আনু বেগমের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি তার ঘর নির্মাণের জন্য নগদ অর্থ দেওয়া হয়েছে। এছাড়াও একটি টিউবওয়েল ও টয়লেট নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”
----------------------------
(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি)