পঞ্চগড়ের দেবীগঞ্জে মামলা না করে আপোষ-মীমাংসার আশ্বাস দিয়ে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে জেলা বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্যের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সদস্য ফরিদুল ইসলামকে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, গত ১৯ মে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকায় একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় পাপড়ী রানী নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে এবং ঘাতক ট্রাকে আগুন দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার কনস্টেবল ফরিদুল ইসলাম। অভিযোগ রয়েছে, তিনি মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা না করার আশ্বাস দিয়ে অর্থ দাবি করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। তাদের দাবি, বিষয়টি আপোষে নিষ্পত্তির কথা বলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে রাত সাড়ে ১১টার দিকে ৩৭ হাজার টাকা দেওয়া হয়। বাকি অর্থ পরে পরিশোধের কথা ছিল।
তবে অভিযোগকারীদের ভাষ্য, টাকা নেওয়ার পরদিনই দেবীগঞ্জ থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় দেবীডুবা ইউনিয়নের ইউপি সদস্য উমাপদ রায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, “মামলা হবে না এমন আশ্বাস পেয়েই আমরা সমাধানের পথে গিয়েছিলাম। পরে মামলা হওয়ায় আমরা বিস্মিত হয়েছি।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় বলেন, “ফরিদুল ইসলামের মোবাইল ফোন ও মানিব্যাগ হারানোর বিষয় এবং চিকিৎসা ব্যয়ের কথা তুলে ধরা হয়েছিল। তাই দুই পক্ষের মধ্যে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু পরে মামলা হওয়ায় পরিস্থিতি ভিন্ন দিকে যায়।”
অভিযোগ অস্বীকার করে ডিএসবি সদস্য ফরিদুল ইসলাম বলেন, “আমি আইনগত ব্যবস্থা নেওয়ায় আসামিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে।”
এ বিষয়ে জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোক্তারুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ফরিদুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
--------------------------------
(আশিকুর রহমান রনি৷ / পঞ্চগড় প্রতিনিধি)