সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও জলজ প্রাণীর প্রজনন সুরক্ষায় আজ ১ জুন থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।
এই সময় জেলে, মৌয়াল, বাওয়াল, গোলপাতা সংগ্রহকারী ও পর্যটকরা সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না। তবে এবার শুধুমাত্র করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, জুন থেকে আগস্ট পর্যন্ত অধিকাংশ বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম। তাই সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষায় প্রতিবছরের মতো এবারও তিন মাসের জন্য বন বন্ধ রাখা হয়েছে।
তবে এ সিদ্ধান্তে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে ও বনজীবীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, এই সময়ে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে এবং সরকারি সহায়তা সবসময় তাদের কাছে পৌঁছায় না।
বন বিভাগের আশা, এই তিন মাসের নিষেধাজ্ঞা সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।