পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় করতোয়া নদী থেকে ভেকু (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে করতোয়া নদীর বিভিন্ন স্থান থেকে অনুমতি ছাড়াই ভেকু মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করলে ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (২০২৩ সালে সংশোধিত) অনুযায়ী মোহাম্মদ শামীম হোসেনকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন অমান্য করে বালু উত্তোলনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
--------------------------------
(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি)