রাজশাহী মহানগরীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে আড়াই লাখ গাছ রোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার নগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজনে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান।


অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। রাজশাহীকে আরও সবুজ নগরীতে পরিণত করতে নগরজুড়ে পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে।


রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীর পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর আবাস নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীতে মোট ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।


উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এ ধরনের উদ্যোগ নগরীর পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন সড়ক, ফুটপাত, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে গাছ রোপণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।



--------------------------------

(ঈশান মাহমুদ / নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি প্রতিনিধি