পঞ্চগড়ে নবঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।
এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। আনন্দ মিছিলটি স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।
সমাবেশে বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং দেশের যুবসমাজকে সুসংগঠিত করতে সক্ষম হবেন।
উল্লেখ্য, গত ৪ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবঘোষিত কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল কবীর পল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে মো. কামরুজ্জামান জুয়েলকে।
১৫১ সদস্যের এই বৃহৎ কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞ ও ত্যাগী যুবনেতাদের গুরুত্বপূর্ণ পদে স্থান দেয়া হয়, যা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
-----------------------------
(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি)