মাগুরার আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে রয়েছে। যে কোনো দিন এ মামলার শুনানি শুরু হতে পারে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বুধবার (১৭ জুন) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বারইপাড়া জিকে ক্যানেলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একইভাবে রামিসা হত্যা মামলার শুনানির বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সীমান্তে পুশইন প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে পুশইনের চেষ্টা চলছে বলে বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে। বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেবে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।