পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকার জাল নোট এবং ১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা আসল নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। পরে ১৯ জুন শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকায় বৃহস্পতিবার সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় কিশোরগঞ্জ জেলার বাকপাড়া এলাকার বাসিন্দা চঞ্চল মিয়া (৩২) জাল নোটসহ পুলিশের হাতে আটক হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করে এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে ঠাকুরগাঁও শহরের প্রাইম হোটেল ও নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজে একাধিক অভিযান চালানো হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। একই সঙ্গে জাল টাকা প্রস্তুত, সংরক্ষণ ও বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত আরও কয়েকজন সদস্যকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্য সদস্যরা হলেন আরিফ হোসেন (৪০), এমরান শেখ (৪৮), শেখ নাছিম (২৮), সোহেল খাঁন (২৮), রুহুল আমিন (৫২) এবং ইসমাইল হোসেন (৩২)। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় জাল নোট ছড়িয়ে দেওয়ার কাজে জড়িত ছিলেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার মো. আবু সাইমের সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শে কয়েক ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে জাল টাকা প্রস্তুত ও বাজারজাতকারী একটি বড় চক্রকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া জাল নোটের উৎস, প্রস্তুত প্রক্রিয়া এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

-----------------------------------
আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি