রাবিপ্রবি প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থী প্রজ্ঞাপন চাকমা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী।

রোববার (২১ জুন) বিকাল সাড়ে চারটার দিকে ক্যাম্পাস থেকে ফেরার পথে খিপ্যাপাড়া বৌদ্ধ বিহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরবাইকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইক ওভারটেক করতে গিয়ে সরাসরি ধাক্কা দিলে তিনি আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধাক্কায় প্রজ্ঞাপন চাকমার পা কেটে যায় এবং ডান হাতে প্রচণ্ড আঘাত লাগে। ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পায়ে সেলাইসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং দ্রুত অপারেশনের পরামর্শ দেন।
এ বিষয়ে রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, "আমি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। দুর্ঘটনার বিষয়টি আমি অবগত হয়েছি। তার সঙ্গে কয়েকজন বন্ধু রয়েছে এবং আমি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।" এ ছাড়া তিনি আহত শিক্ষার্থীর চিকিৎসার সার্বিক দায়িত্ব বহনের আশ্বাস দেন।

এদিকে আহত শিক্ষার্থীর সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সুবিধার অপ্রতুলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, এত বছর পরও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই। নেই কোনো অ্যাম্বুলেন্স সুবিধাও। জরুরি মুহূর্তে অনেক সময় চিকিৎসকও পাওয়া যায় না। এ প্রেক্ষাপটে শিক্ষার্থীরা দ্রুত মেডিকেল সেবার মানোন্নয়নের দাবি জানিয়েছেন।