ইবি প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাসব্যাপী বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্যোগের আওতায় মাসব্যাপী ক্যাম্পাস জুড়ে ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘গ্রীন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়া’র উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ করেন উপাচার্য। এরপর উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বৃত্তিপ্রস্থর প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং প্রকৌশলী জাকির হোসেন যৌথভাবে দুটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর এলাকায় ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচিতে অংশ নিয়ে ক্যাম্পাস পরিচ্ছন্নকরণ অভিযানের সূচনা করেন।
গ্রীন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়া’র উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ইসলমী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কে বাংলাদেশের মধ্যে একটা সুন্দর সবুজ, পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে গড়তে। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়ার পক্ষ থেকে আমরা এসেছি। আমরা সার্বিক সহযোগিতা করব। এখানে যারা ছাত্র-ছাত্রী আছে, তারাও যদি সহযোগিতা করে, সবাই মিলে আমরা শিক্ষক, ছাত্র, এলাকাবাসী সবাই মিলে আমরা চাই এই ক্যাম্পাসটা একটা পরিষ্কার-পরিচ্ছন্ন এবং একটা সুন্দর ক্যাম্পাস হোক। এছাড়াও আমরা একটু যদি সচেতন হই, ময়লা আবর্জনা যদি আমরা যত্রতত্র না ফেলে, ডাস্টবিন রাখা হয় তাহলে ক্যাম্পাসটা খুবই সুন্দর থাকবে।
এমসয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে একমতিনুর রহমান বলেন, আমাদের
ক্যাম্পাসটি সুন্দর রাখার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে ক্লিন ক্যাম্পাসের উদ্যোগ গ্রহণ করেছি, সেই উদ্যোগগুলোকে বাস্তবায়ন করার জন্য শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে ময়লাটা ফেলছি, এই ময়লাটা যদি আমরা নির্দিষ্ট একটা জায়গায় ফেলি তাহলে ক্যাম্পাসটা কিন্তু সুন্দর থাকবে। পাশাপাশি বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং আমরা যে গ্রিন ক্যাম্পাসের স্বপ্ন দেখছি। তা বাস্তবায়নের লক্ষে এ কর্মসূচি হাতে নিয়েছি। আমরা এটাকে চলমান রাখতে চাই।