মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার চর-শ্রীপুর গ্রামে গভীর রাতে একটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। বুধবার (২ জুলাই) ভোররাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, রাত প্রায় ৩টার দিকে ৪ জনের একটি মুখোশধারী দুর্বৃত্ত দল শ্রীকান্ত মণ্ডলের বাড়িতে প্রবেশ করে। এ সময় শ্রীকান্তের ছেলে দীপক মণ্ডল ও তার স্ত্রী সেতু মণ্ডল ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তাদের গলায় ছুরি ধরে শয়নকক্ষে নিয়ে গিয়ে মুখ বেঁধে ফেলে।
অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা ঘরে থাকা একটি শিশু কন্যাকেও ভয়ভীতি দেখায় এবং চিৎকার করলে হত্যার হুমকি দেয়। পরে তারা ঘর থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন স্বর্ণালংকার এবং নগদ ২ থেকে ৩ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
পরিবারের চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের দাবি, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, "ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।"