বুধবার (১৫ জুলাই) সকালে স্থানীয়রা মহারাজারদিঘির পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের সময় তার হাত থেকে প্লাস্টিকে মোড়ানো একটি চিরকুট উদ্ধার করা হয়। ওই চিরকুটে ৬ জন ব্যক্তিকে মৃত্যুর জন্য দায়ী করার দাবি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও সেখানে পঞ্চগড় সদর উপজেলার মালাদাম বাজারের নামও উল্লেখ রয়েছে। তবে চিরকুটে লেখা তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মহারাজার দিঘি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সঙ্গে পাওয়া চিরকুটটি জব্দ করা হয়েছে এবং এতে উল্লেখিত বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি উদ্ধার হওয়া চিরকুটে উল্লিখিত অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার অন্যান্য দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
---------------------------------------
আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি