ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর স্মরণে দোয়া মাহফিল আয়োজন করেছে জাস্টিস ফর সাজিদ আব্দু্ল্লাহ। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের এ আয়োজন করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমদ গালিব, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ঈসমাইল হোসেন রাহাত, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি জুনাইদ খান, ছাত্র শক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা৷
অনুষ্ঠানে শহীদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে কাওয়ালী, লোক সংগীত, কবিতা আবৃত্তি ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব আশরাফ উদ্দীন খান।
সাজিদ আব্দুল্লাহর বন্ধু ইনসানুল ইমাম বলেন, সাজিদ আব্দুল্লাহর সাথে আমার ৬ বছরের বন্ধুত্ব৷ আমার সেই বন্ধু হত্যার শিকার হলো। অথচ প্রশাসন, রাষ্ট্র সবাই নীরব। সাজিদ আব্দুল্লাহ বিষয়ক যে ১৫টি প্রতিশ্রুতি বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছিল তার একটিও বাস্তবায়ন হয়নি।
তিনি আরও বলেন, সাজিদের পরিবার আগের প্রশাসনের থেকে সহযোগিতা পাননি। বর্তমান প্রশাসনের থেকেও সহযোগিতা পাচ্ছেন না। আমি সকল ছাত্র সংগঠনের কাছে দাবি রাখছি আপনারা সবাই একই ফ্ল্যাটফর্মে এসে সাজিদ আব্দুল্লাহ হত্যার রহস্য উদঘাটনে সহায়তা করুন।
খেলাফত ছাত্র মজলিসের সভাপতি জুনায়েদ খান বলেন, অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করার জন্য সাজিদ আব্দুল্লাহ মেহফিল প্রতিষ্ঠা করেছিলেন। প্রশাসন সাজিদের খুনকে ধরার জন্য যে আশ্বাস দিয়েছে আমরা তার ওপর আর বিশ্বাস রাখতে পারছি না। প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান থাকবে, সাজিদ আব্দুল্লাহর খুনিদেরকে অতি অল্প সময়ে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, সাজিদ হত্যাকাণ্ডের এক বছর হলেও প্রশাসন কোনো রহস্য উদঘাটন করতে পারেনি৷ সিসিটিভি ফুটেজ গায়েব, ব্যবহৃত ফোনের লক না খোলা, দুইজন ভ্যান চালককে জবাবদিহিতার আওতায় না আনা এই রহস্যকে আরও ঘনীভূত করেছে।
তিনি আরও বলেন, সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের বিষয়ে কোনো কর্মসূচি দিলেই প্রশাসনের গাত্রদাহ হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রীয় প্রশাসনের কাছে আমার দাবি থাকবে, আপনারা সমন্বয় করে সাজিদ আব্দুল্লাহ হত্যার রহস্য উদঘাটন ও খুনিদের দ্রুত শাস্তি বাস্তবায়ন করুন।
--------------------------------------
মোহাম্মদ সবুজ / ই.বি. প্রতিনিধি