উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে বাংলাদেশ হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বর্তমান সদস্য এবং যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক রাশেদা খালেক।


সভায় প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাজশাহী শাখার সভাপতি ও কমিটির সদস্য অ্যাডভোকেট দিল সিতারা চুনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে বাংলাদেশ হাইকোর্টের নির্দেশনার তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, নিরাপদ, বৈষম্যহীন ও সম্মানজনক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক ও কমিটির সদস্য রিয়াজ মোহাম্মদ, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও কমিটির সদস্য সচিব ড. নাসরিন লুবনা, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোসা. কামরুন্নাহার এবং কমিটির সদস্য কল্পনা রায় ভৌমিক।


বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা নিশ্চিত এবং বাংলাদেশ হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক সামিয়া হাসান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বক্তারা আরও বলেন, নিরাপদ ও হয়রানিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।




------------------------------------

ঈশান মাহমুদ / এনবিআইইউ প্রতিনিধি