আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি:
চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে আজ শনিবার (১১ অক্টোবর) পঞ্চগড়ে লং মার্চ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পঞ্চগড় জেলা শাখা।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই লং মার্চ এখন পর্যন্ত পঞ্চগড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করছে। কর্মসূচির রুট নির্ধারণ করা হয়েছে আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ থেকে পঞ্চগড় সদর—তেঁতুলিয়া—পঞ্চগড় সদর পর্যন্ত।
লং মার্চে অংশ নিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দাবিতে স্লোগান দিচ্ছেন।
লং মার্চের শুরুতে সারজিস আলম জানান, “দেশে চাঁদাবাজি, দখলদারিত্ব ও সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ আজ ভোগান্তিতে। আমরা চাই জনগণের শক্তিতে এই অনিয়মের অবসান ঘটাতে। আমাদের লং মার্চ হচ্ছে ন্যায়ের পক্ষে ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।”
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে লং মার্চ পরিচালনা এবং রাস্তায় চলাচল স্বাভাবিক রাখার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।