মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাঁপাতলা গ্রামে খালে গোসল করতে নেমে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— চাঁপাতলা গ্রামের মো. আনারুলের মেয়ে তারিন (৮), সাজ্জাদুল ইসলামের মেয়ে সিনথিয়া (৯) এবং তারিকুল ইসলামের মেয়ে তানহা (৯)।

তিনজনই পাশাপাশি বাড়ির বাসিন্দা ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে তারা বাড়ির পাশে চাঁপাতলা নিব্দিশ খালে গোসল করতে যায়। একপর্যায়ে পানিতে ডুবে যায় তিনজনই।

তাদের না দেখে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর পানির নিচ থেকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসাদুর রহমান বলেন, “স্থানীয়রা তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর আমরা তাদের মৃত ঘোষণা করি।”

মহম্মদপুর থানার ওসি আবুল খায়ের বলেন, "খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায়  চাঁপাতলা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মাগুরা জেলা প্রতিনিধি / তাসিফ জামান